নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি তাজা (সক্রিয়) গ্রেনেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
জানা যায়, ডাঙ্গাপাড়ায় আশির উদ্দিন শাহ-এর একটি পুকুরে এলাকার তানভির ও আনসারুল নামে দুই যুবক বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোসল করতে যায়। এ সময় তানভিরের পায়ে ওই গ্রেনেডটির স্পর্শ লাগে। পরে তারা পানির নিচ থেকে গ্রেনেডটি তুলে পুকুরপাড়ে আনে এবং পলিথিনে পেঁচিয়ে রাখে। পরে সৈয়দপুর থানায় খবর দেয় তারা। কিন্তু সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেটিকে খেলনা বলে বিষয়টা এড়িয়ে যায়।
বাধ্য হয়ে তারা র্যাবকে খবর দেয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার র্যাব-১৩ নীলফামারী বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে এসে গ্রেনেডটি উদ্ধার করে। এতে নেতৃত্ব দেন নীলফামারী র্যাবের স্কোয়াট কমান্ডার এএসপি এ টি এম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।
গ্রেনেডটি তাজা (সক্রিয়) হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রংপুর থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে একটি দল আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।



