নোয়াখালী অফিস
নোয়াখালীর কবিরহাটে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্যাহ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কবিরহাট থানার এসআই ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। দুর্ঘটনার পরপরই পুলিশ অটোরিকশার চালক মো. ইউসুফকে (২৭) আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সাথে কবিরহাট থানার সামনে আসেন দিনমজুর সফি উল্যাহ। রাত সাড়ে ৮টার দিকে সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন, তাকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয় ।
এসআই ইমদাদুল ইসলাম আরো বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



