ভালো স্কুলে পড়ানোর স্বপ্নে গার্মেন্টসকর্মী মা শহরে ভাড়া বাসা নিয়েছিলেন। কিন্তু সেই বাসার ছাদে থাকা বিদ্যুতের তার মায়ের সেই স্বপ্ন অঙ্কুরেই থামিয়ে দিয়েছে। হাইভোল্টেজ বিদ্যুতের তারে দগ্ধ হয়ে বাবা হারা ছোট্ট মেয়ে জান্নাতি এখন হাসপাতালে ভর্তি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৪১৮ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর বেডে মৃত্যুর সাথে লড়ছে ছোট্ট মেয়েটি।
চিকিৎসকরা বলছেন, তাকে বাঁচাতে একাধিক অস্ত্রোপচার জরুরি। আর অসহায় মা নিপা খাতুন মানুষের দ্বারে দ্বারে ঘুরে মেয়ের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চাইছেন।
জান্নাতির বাবা নেই। মা নিপা খাতুন চৌগাছার ডিভাইন গ্রুপের একটি গার্মেন্টসে কাজ করেন। একমাত্র মেয়েকে মানুষ করার স্বপ্ন নিয়েই শহরে বাসা ভাড়া নিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন এখন হাসপাতালের বিছানায় ছটফট করছে।
চিকিৎসকরা জানিয়েছেন, জান্নাতির গলা ও দুই পায়ে একাধিক অস্ত্রোপচার প্রয়োজন। এতে কয়েক লাখ টাকা ব্যয় হবে। একজন গার্মেন্টস শ্রমিকের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয়।
কান্নাজড়িত কণ্ঠে নিপা খাতুন বলেন, ‘আমার একটাই মেয়ে। ওকে বাঁচিয়ে দিন। মানুষের কাছে হাত পেতেছি। সবাই একটু সাহায্য করলে হয়তো আমার মেয়েটা বেঁচে যাবে, আবার হাঁটতে পারবে।’
জান্নাতির চিকিৎসায় সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিরা বিকাশ নম্বর ০১৭৪২০৯৪৭০১-এ আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন।
উল্লেখ্য, শুক্রবার (১৭ জুলাই) সকালে বৃষ্টির মধ্যে ভাড়া বাসার ছাদে ওঠে জান্নাতি। ছাদের খুব কাছ দিয়েই চলে গেছে হাইভোল্টেজ বিদ্যুতের লাইনের তার। নিচ থেকে মা বারবার সতর্ক করছিলেন। কিন্তু মায়ের কথা বুঝতে না পেরে ছাদের কিনারায় এগিয়ে যায় জান্নাতি। মুহূর্তেই গলা ও দুই পা স্পর্শ করে বিপজ্জনক বিদ্যুতের তার। বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রাণে বাঁচলেও ভয়াবহভাবে দগ্ধ হয় শিশু জান্নাতি।
মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রথমে তাকে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়। পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং সেখানে থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের প্রশ্ন, একটি বসতবাড়ির ছাদের এত কাছ দিয়ে বিভাবে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন রাখা হলো? এই দায় বাড়ির মালিকের, নাকি বিদ্যুৎ বিভাগের? তারা ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।



