মানুষের অধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মুহাম্মদ শাহজাহান

মুহাম্মদ শাহজাহান বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘একটি দায়িত্বশীল রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে জামায়াতে ইসলামীর কর্মীদের মানুষের পাশে থেকে ন্যায়, ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা কিংবা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে।’

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা ও আইনজীবী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান রুকনদের উদ্দেশে বলেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আত্মশুদ্ধি, আমল, নৈতিক চরিত্র ও সাংগঠনিক শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের নীতি ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলের নেতৃত্বে যে লংমার্চ অনুষ্ঠিত হবে, তা সফল করতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রস্তুতি নিতে হবে। কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সাংগঠনিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বাকলিয়া থানা জামায়াতের আমির মুহাম্মদ সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মসরুর হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের যেকোনো সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফরজ ও ওয়াজিব আদায়, কবিরা গুনাহ থেকে বিরত থাকা, শতভাগ হালাল উপার্জন ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীর সদস্য বা রুকন হতে পারেন।’

অনুষ্ঠানে থানা সেক্রেটারি নুর আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ আবুল মনছুর, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাছির, পেশাজীবী সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান, অফিস সম্পাদক প্রকৌশলী জমির আলম, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আমির কামাল হোসাইন, নায়েবে আমির আহমাদুল হক, সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরী, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আমির ওয়াহিদ মোর্শেদ, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আমির শেখ আহমদ ও সেক্রেটারি সুলতান ইয়াছিনসহ স্থানীয় নেতারা।