দাগনভূঞায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

দাগনভূঞা থেকে রাজাপুর পর্যন্ত সড়ক নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
সড়ক নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয়রা
সড়ক নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয়রা |নয়া দিগন্ত

​ফেনীর দাগনভূঞায় সড়কের নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। দাগনভূঞা থেকে রাজাপুর পর্যন্ত সড়ক নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার(২৬ জুলাই) সকালে উপজেলার রাজাপুর ও পূর্বচন্দ্রপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা ১৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ ঠিকঠাকমতো না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়নাধীন উক্ত সড়কের দাগনভূঞা থেকে গজারিয়া পর্যন্ত সড়কের কাজের মাত্র ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে গজারিয়া থেকে রাজাপুর পর্যন্ত বাকি অংশের কাজ অত্যন্ত নিম্নমানের উপকরণ দিয়ে করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

প্রকল্পটির কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাজিন এন্টারপ্রাইজের মালিক নুরুল হুদা মিস্টার। স্থানীয়দের অভিযোগ, তিনি অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে দাগনভূঞা উত্তরাঞ্চল উন্নয়ন কমিটির সভাপতি এস এম দুলাল ভূঞা বলেন, জনসাধারণের চলাচলের এ গুরুত্বপূর্ণ সড়কে কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ থাকলেও ঠিকাদারের দুর্নীতির কারণে তা ভেস্তে যেতে বসেছে। অবিলম্বে এ নিম্নমানের কাজ বন্ধ করে দরপত্র অনুযায়ী সঠিক ও মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে দাগনভূঞা উত্তরাঞ্চল উন্নয়ন কমিটির সভাপতি এস এম দুলাল ভূঞা, শাহাদাত হোসেন ও উপজেলা যুবদলের সদস্য মো: ইব্রাহিম, উপজেলা ছাত্রদলের তৌহিদুল ইসলাম সদস্য, ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম মেম্বার, ইউনিয়ন শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুন্সী, স্থানীয় ব্যবসায়ী পলাশ, মমিন, জাহাঙ্গীরসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

আন্দোলনকারীরা অবিলম্বে সড়কটি মানসম্মতভাবে পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে জানতে ঠিকাদার মিস্টার ও দাগনভূঞা উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহকে মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।

পরে ফেনী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ জামিল জানান, ইতোপূর্বে সড়ক নির্মাণে স্থানীয়দের ক্ষোভ জানতে পেরে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে সরেজমিন তদন্তে পাঠানো হয়েছে। আমিও এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। সহসাই আমি ও উক্ত রাস্তা পরিদর্শনে যাব।