বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোট বাদুরা গ্রামে পানিতে ডুবে আব্দুর রহিম (৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে স্থানীয় দারুল উলুম হাফিজিয়া মাদরাসা থেকে সকাল ৯টার দিকে নিখোঁজ হয় আব্দুর রহিম। পরে মাদরাসার শিক্ষক ও স্থানীয়রা বেলা ১১টার দিকে মাদরাসা সংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করে।
নিহত আব্দুর রহিম ছোট বাদুরা গ্রামের ফাতিমা বেগমের ছেলে। নানাবাড়িতে থেকে শিশু রহিম মাদরাসায় পড়াশোনা করত। তার মা ফাতিমা ঢাকায় গৃহপরিচারিকার কাজ করত। তার বাবা নুরুল ইসলাম সাতক্ষীরায় বসবাস করেন বলে জানা গেছে।
ঘটনা পর থানা পুলিশ খবর পেয়ে বিকেলে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মাদরাসাশিক্ষক রবিউলের ভাই রহমত উল্লাহ বলেন, আমার ভাই রবিউল ইসলাম তার নিজ বাড়িতেই মাদরাসা পরিচালনা করে আসছেন। শিশু আব্দুর রহিমকে তার মা ফাতিমা বেগম আমাদের মাদরাসায় পড়তে দিয়েছেন। রহিম সাঁতার জানত না। সোমবার সকাল ৯টার দিকে তাকে মাদরাসায় দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি করতে থাকি। পড়ে বেলা ১১টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ছোট বাদুরা গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।



