দর্শনায় ৩ মাদক কারবারি আটক, সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে সাজা

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত করে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
দর্শনায় ৩ মাদক কারবারি আটক, সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে সাজা
দর্শনায় ৩ মাদক কারবারি আটক, সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে সাজা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত করে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের তত্ত্বাবধানে দর্শনা থানা পুলিশ এই অভিযানগুলো পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুপুর ১২টার দিকে দর্শনা থানাধীন বড় শলুয়া হাটখোলা পুরাতন বাজারের একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদক সেবনরত অবস্থায় মো: উজ্জল (৩৬) নামের এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটকে রাখে।

খবর পেয়ে দর্শনা থানার এসআই শেখ শাহীদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে তেঘরী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে উজ্জলকে হেফাজতে নেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ শাহীদুর রহমানের নেতৃত্বে শান্তিপাড়া ৪নম্বর ওয়ার্ডের সুগন্ধা মাঠের পাশে অভিযান চালানো হয়। সেখান থেকে মোবারকপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো: আবুয়া (৪৪)-কে ২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বিজ্ঞ আদালত আসামি আবুয়াকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন।

এ ছাড়া অপর এক অভিযানে, ওই দিন রাত ১১টা ৫০ মিনিটের দিকে দর্শনা থানার এসআই মো: আমানত উল্লাহ জানতে পারেন, আকন্দবাড়ীয়া জামে মসজিদের পাশে তিন রাস্তার মোড়ে মাদক সেবনের সময় স্থানীয় জনতা একজনকে আটকে রেখেছে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাঙ্গিয়ারপোতা গ্রামের কাছেদ আলীর ছেলে মো: আশিকুর রহমান (২৭)-কে আটক করে। সংক্ষিপ্ত বিচারে বিজ্ঞ আদালত আশিকুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে এই অভিযান চালানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এবং যুবসমাজকে রক্ষা করতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।