নব্য ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র রুখে দিতে হবে: মুহাম্মদ শাহজাহান

মুহাম্মদ শাহজাহান বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে জামায়াতের কর্মীদের মানুষের পাশে থেকে ন্যায়, ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা কিংবা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করে নব্য ফ্যাসিবাদ কায়েমের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শুক্রবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতের বাকলিয়া ও আইনজীবী থানা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে জামায়াতের কর্মীদের মানুষের পাশে থেকে ন্যায়, ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা কিংবা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

রুকনদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আত্মশুদ্ধি, আমল, নৈতিক চরিত্র ও সাংগঠনিক শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের নীতি ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলের নেতৃত্বে লংমার্চ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রস্তুতি নিতে হবে। কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সাংগঠনিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাকলিয়া থানা জামায়াতের আমির মুহাম্মদ সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও নগর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মসরুর হোসাইন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের যেকোনো সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফরজ ও ওয়াজিব আদায়, কবিরা গুনাহ থেকে বিরত থাকা, হালাল উপার্জন ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীর সদস্য বা রুকন হতে পারেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাকলিয়া থানা জামায়াতের সেক্রেটারি নুর আহমদ। এতে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।