শেরপুরের শ্রীবরদীতে সীমান্তবর্তী পাহাড়ি জনপদে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
শেরপুর জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে মাহমুদুল হক রুবেল বলেন, ‘শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। কাজেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অব্যাহত থাকবে এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস মনীষা আহমেদ, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধরী, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মো: আল বেরুনী, উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলার ৪৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মধ্যে মোট এক লাখ ৯৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে তিন হাজার করে মোট ৬৬ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার করে মোট ৬৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির নয়জন শিক্ষার্থীকে সাত হাজার করে মোট ৬৩ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাঁচ নারীকে সেলাই মেশিন এবং সাত শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়।



