সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মো: আলতাফ হোসেনকে হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শুক্রবার (১১ সেপ্টম্বর) বাদ জুমা আমিনবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লোকাল লেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সহ-সভাপতি মো: এমজাদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ হোসেন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাভার থানার মজলিশে শুরা সদস্য ও প্রচার মিডিয়া এবং পেশাজীবী সেক্রেটারি ডা: রেজাউল করিম রেজা, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি এবং আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুদ্দিন খান, আমিনবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব জাকারিয়া হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
বিএনপি নেতা আমজাদ হোসেন বলেন, ‘পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেনকে একটি ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা যারা আমিনবাজারে বসবাস করি, আমাদের বাড়ির আশপাশে যারা মাদককারবার ও সেবন করেন আমাদের দায়িত্ব তাদের সচেতন করা। আর যদি সচেতন না হয়, সঠিক পথে না আসে, তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাভার থানার মজলিশে শুরা সদস্য ও প্রচার মিডিয়া এবং পেশাজীবী সেক্রেটারি ডা: রেজাউল করিম রেজা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হলে তার মূল থেকে উৎপাটন করতে হবে। যেখান থেকে মাদক বিক্রি হয় সেখানে প্রশাসনের অভিযান চালাতে হবে এবং যারা মাদক সেবন করে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।’
জামায়াত নেতা সাইফুদ্দিন খান বলেন, ‘আমিনবাজারের গুটিকয়েক কুলাঙ্গারের জন্য আমাদের এ অবস্থা। আমরা কোথাও আমিনবাজরের পরিচয় দিতে পারি না।’
আমিনবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব জাকারিয়া হোসেন বলেন, ‘আমিনবাজারের ৫৮টি মসজিদ থেকে আওয়াজ তুলতে হবে। স্কুল, কলেজ, মাদরাসা আছে—সব জায়গা থেকে কমিটি করে মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে এবং যুব সমাজকে মসজিদে নিয়ে আসতে হবে, দ্বীনের পথে নিয়ে আসতে হবে। তাহলে অল্প সময়ের মধ্যে মাদকদ্রব্য আমাদের সমাজ থেকে দূর হবে।’



