পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদের দোসররা চরিত্র পরিবর্তন করতে না পারলে চাকরি করার দরকার নেই

‘চলতি বছরের মধ্যেই স্বল্প খরচে প্রায় তিন লাখ যুবককে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এর পাশাপাশি অসচ্ছল পরিবারের ১০ হাজার যোগ্য যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।’

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য দিচ্ছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য দিচ্ছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী |নয়া দিগন্ত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘ফ্যাসিস্ট আমলে যা হয়েছে, তা আমরা জানি। ফ্যাসিবাদের দোসররা যদি চরিত্র পরিবর্তন করতে না পারে, তবে তাদের আর চাকরি করার দরকার নেই।’

তিনি বলেন, ‘গত সরকারের আমলে অন্যায় নির্দেশ মানতে বাধ্য হওয়া কর্মকর্তাদের এখন ইতিবাচক পরিবর্তন আনতে হবে। যারা ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন, তারা নিজেদের চরিত্র পরিবর্তন করতে না পারলে চাকরি করার প্রয়োজন নেই।’

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুশাসন নিশ্চিতকরণবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে পর্যটনমন্ত্রী বলেন, ‘জনগণের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। অতীতের ভুল-ত্রুটি পেছনে ফেলে নতুনভাবে কাজ শুরু করতে হবে।’

তিনি বলেন, ‘বিগত ২০ বছরে যে ক্ষতি হয়েছে, আগামী পাঁচ বছরে তা পূরণ করতে হবে। আমরা আর পেছনে তাকাতে চাই না।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘অতীতে নানা কারণে যারা দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়েছেন, তাদের এখন জনগণের স্বার্থে কাজ করার সুযোগ এসেছে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।’

মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, ‘মাদকের বিস্তার রোধে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে।’

মাদক মামলায় গ্রেফতারের পর আসামিরা জামিনে বেরিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রীর সাথে আলোচনা করব। অপরাধীরা যাতে আইনের ফাঁক দিয়ে পার পেয়ে না যায়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে প্রশস্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি শম্ভুগঞ্জ বাজারের সার গুদাম মেরামত, ময়মনসিংহ নগরীর সড়ক সম্প্রসারণ এবং ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে উদ্যোগ নেয়া হচ্ছে।’

ময়মনসিংহ বিভাগকে সমন্বিত উন্নয়নের আওতায় এনে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সরকারের বিশেষ উদ্যোগের কথাও সভায় জানানো হয়। পর্যটনমন্ত্রী বলেন, ‘চলতি বছরের মধ্যেই স্বল্প খরচে প্রায় তিন লাখ যুবককে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এর পাশাপাশি অসচ্ছল পরিবারের ১০ হাজার যোগ্য যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘দরিদ্র ও অসচ্ছল পরিবারের যোগ্য যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।’

সভা শেষে মন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় সরকারের উন্নয়ন কার্যক্রম, সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনুজ্জামান রোকনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।