সাভার (ঢাকা) সংবাদদাতা
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে এ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, তায়কোয়ানডো ও উশু বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ২১ দিনব্যাপী কোচেস সার্টিফিকেট কোর্স বৃহস্পতিবার (২৫ জুন) সম্পন্ন হয়েছে।
দেশের ক্রীড়া উন্নয়ন এবং দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে আয়োজিত এ কোর্সে বিভিন্ন জেলা ও বিভাগ, শারীরিক শিক্ষা কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মোট ৬০ জন প্রশিক্ষক অংশ নেন।
কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বিকেএসপির মহাপরিচালকের পক্ষে সনদপত্র বিতরণ করেন পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। এ সময় বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালকের বক্তব্যে বলা হয়, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সঠিক বিকাশ এবং আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির বিস্তারে দক্ষ কোচ তৈরির কোনো বিকল্প নেই। কোচেস সার্টিফিকেট কোর্সের মাধ্যমে প্রশিক্ষকরা শুধু কারিগরি জ্ঞান অর্জন করেন না, দেশের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরো বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কোচদের সাসে বিকেএসপির একটি কার্যকর যোগাযোগ ও সমন্বয় নেটওয়ার্ক গড়ে ওঠে, যা ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং বিকেএসপির ভর্তি কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে। অংশগ্রহণকারী প্রশিক্ষকদের তিনি বিকেএসপির ‘অ্যাম্বাসেডর’ হিসেবে অভিহিত করে নিজ নিজ এলাকায় ক্রীড়ার উন্নয়নে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কোর্সের গুণগত মান নিশ্চিত করতে বিকেএসপির অভিজ্ঞ কোচদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের অতিথি বক্তা ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়। এছাড়া ক্রীড়াবিজ্ঞান বিভাগের সক্রিয় অংশগ্রহণ প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সমৃদ্ধ, যুগোপযোগী ও ফলপ্রসূ করে তোলে।
কোর্স শেষে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিষয়বস্তু, ব্যবহারিক সেশন, বিশেষজ্ঞদের দিকনির্দেশনা এবং সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কোর্সের সময়কাল বৃদ্ধি এবং আরো বেশি সংখ্যক প্রশিক্ষকের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন।
গত ৬ জুন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ আনুষ্ঠানিকভাবে ২১ দিনব্যাপী এ কোচেস সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করেন। দেশের ক্রীড়া অঙ্গনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিকেএসপি নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে আসছে।



