বান্দরবানে নাগরিক সংবর্ধনায় সিক্ত পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী

পাহাড়ের প্রান্তিক মানুষের অবস্থার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা হবে

বান্দরবানে নাগরিক সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পার্বত্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
পার্বত্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জেরীকে বান্দরবানে নাগরিক সংবর্ধনা
পার্বত্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জেরীকে বান্দরবানে নাগরিক সংবর্ধনা |নয়া দিগন্ত

বান্দরবানে নাগরিক সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পার্বত্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি তার নির্বাচনী এলাকা বান্দরবানে এসে পৌঁছালে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

এ সময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তোরণে ছেয়ে যায় বান্দরবান শহর। শহরের রাজার মাঠ থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বিশাল মিছিল বের করে।

এর আগে মন্ত্রী সাচিং প্রু জেরী গাড়িবহর নিয়ে বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে প্রেসক্লাব চত্বরে গণসংবর্ধনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, ‘পাহাড়ের প্রান্তিক মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এলাকাভিত্তিক প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রতিটি দিন ও প্রতিটি সময়কে কাজে লাগিয়ে পার্বত্য এলাকার মানুষের জন্য কাজ করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি সব দল ও জাতিসত্তার মানুষকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর চিন্তা, চেতনা ও ধ্যান-ধারণার সাথে একমত হয়ে পার্বত্যবাসীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যেতে চান।

পাশাপাশি কক্সবাজারের অতিরিক্ত দায়িত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সেখানকার তিনজন সংসদ সদস্যের সহযোগিতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সমন্বয় করে ওই এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় রয়েছে।

জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক মো: ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।