বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে লোকালয় থেকে উদ্ধার হলো বিশাল অজগর

কয়েক দিন ধরে হাঁস ও মুরগির বাচ্চা রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছিল। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। বৃহস্পতিবার সকালে তারা হঠাৎ দেখতে পান, একটি বিশাল অজগর সাপ বাড়ির দেয়াল বেয়ে পাশের একটি গাছে উঠছে।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Sreemangal
উদ্ধারকৃত অজগর সাপ
উদ্ধারকৃত অজগর সাপ |নয়া দিগন্ত

আজ বিশ্ব সাপ দিবস। দিবসটি উপলক্ষে সারাদেশে নানা আয়োজনে সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। এরই মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকার লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা অজগরটি উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা যোবায়ের আহমেদের বাড়ি থেকে কয়েক দিন ধরে হাঁস ও মুরগির বাচ্চা রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছিল। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। বৃহস্পতিবার সকালে তারা হঠাৎ দেখতে পান, একটি বিশাল অজগর সাপ বাড়ির দেয়াল বেয়ে পাশের একটি গাছে উঠছে। তখনই হাঁস-মুরগি হারিয়ে যাওয়ার রহস্যের সমাধান হয়।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর অজগরটিকে নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হন্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।