পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নদীর চর থেকে ভদ্র শিকদার (৪৮) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে বালিয়াতলী নৌ-পুলিশ।
রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের টিয়াখালী নদী লাগোয়া আমিনুলের ইটভাটা সংলগ্ন চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ভদ্র শিকদার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
পুলিশ জানায়, ভদ্র শিকদার পেশায় একজন জেলে ছিলেন। তিনি অধিকাংশ সময়ই নদীর চরে থাকতেন। দু’ দিন আগেও ঝড়-বৃষ্টির মধ্যে মাছ শিকার করেছেন।
স্থানীয়রা জানান, ওই জেলে খুবই সাহসী ছিলেন। অধিকাংশ সময় বাড়িতে থাকতেন না।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, সকালে স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মধ্যবয়সী এক পুরুষের লাশ উদ্ধার করি। লাশটি চরে আটকে ছিল। ধারণা করা হচ্ছে অন্তত তিন দিন আগে মারা গেছে। লাশের পরনে লুঙ্গি ছিল। লুঙ্গিতে মোড়ানো বিড়ির প্যাকেট ও দিয়াশলাই ছিল।
তিনি আরো জানান, লাশের শরীর থেকে চামড়া খসে পড়েছে এবং ফুলে ফেঁপে আছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।



