সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ৯ বাংলাদেশী

ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে নয় বাংলাদেশী নারী-পুরুষ ও শিশু আড়াই বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও ক্ষেত-খামারে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
ভারত থেকে ফেরত আসা নয় বাংলাদেশী
ভারত থেকে ফেরত আসা নয় বাংলাদেশী |নয়া দিগন্ত

ভারতে সাজাভোগ শেষে বাংলাদেশী নয় নারী-পুরুষ ও শিশু আড়াই বছর পর দেশে ফিরেছে। ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এর মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও দু’জন শিশু রয়েছে। তারা দেশের নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে নয় বাংলাদেশী নারী-পুরুষ ও শিশু আড়াই বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও ক্ষেত-খামারে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরপর সাজাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ সন্ধ্যায় তারা দেশে ফিরেছে। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।