রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে নিহত নওগাঁর আত্রাইয়ের সাত প্রবাসীর জানাজা একসাথে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এই যৌথ জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সৌদি আরবে আগুনে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয় প্রবাসীর লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনের বাড়িই নওগাঁর আত্রাই উপজেলায়। পরে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় লাশগুলো গত রাত দেড়টার দিকে আত্রাইয়ে নিয়ে আসা হয়।
সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুযায়ী পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর সাত প্রবাসী হলেন—আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো: ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আবদুল জলিল সরদার।
জানাজায় অংশ নিয়ে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, ‘নিহতদের পরিবারগুলোকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকার এই পরিবারগুলোর পাশে থাকবে। দুর্ঘটনায় নিহত বাকি প্রবাসীদের লাশ দেশে আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।’
উক্ত জানাজায় সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু ছাড়াও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং হাজারো স্থানীয় বাসিন্দা অংশ নেন।
জানাজা শেষে প্রশাসনের পক্ষ থেকে লাশগুলো আনুষ্ঠানিকভাবে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।



