দায়িত্ব পালনে কেউ যেন আঙুল উঠাতে না পারে, সেই চেষ্টা করবো : এমপি মারজিয়া

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংসদ সদস্যের নির্ধারিত বরাদ্দ থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করছেন এমপি মারজিয়া বেগম
সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করছেন এমপি মারজিয়া বেগম |নয়া দিগন্ত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল মারজিয়া বেগম বলেছেন, ‘আমার দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। কেউ যেন আমাদের দিকে আঙুল উঠাতে না পারে, সেই চেষ্টা করবো। কোনো প্রকার অপপ্রচার বা প্রোপাগান্ডা নয়, আপনাদের অধিকারগুলো যাতে যথাযথভাবে পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাব।’

‎‎সোমবার (১ জুন) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদুল আজহা উপলক্ষে জেলার ছয়টি উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংসদ সদস্যের নির্ধারিত বরাদ্দ থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

এমপি ‎মারজিয়া বেগম বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য যে বরাদ্দ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর দেয়া আমানত আপনাদের যেটা হক তা পৌঁছে দেয়ার জন্য আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞ। দোয়া চাচ্ছি যাতে ভবিষ্যতে আমি আমার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যা যা আসবে, সেগুলো যথাযথভাবে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি।’

তিনি বলেন, ‘২০ লাখ জনশক্তির মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ বরাদ্দ নগণ্য। তারপরও আমরা যদি এটা সঠিকভাবে দিতে পারি তাহলে অন্তত কিছু মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে কেউ যাতে গরিবের হক না মারতে পারে সেদিকেও লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।’

পরে তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, জামায়াতের মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চল পরিচালক ওয়ারেছা আমিন, শহর জামায়াত আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, রায়পুর পৌরসভা আমির ফজলুল করিম, জামায়াত নেতা আবদুর রহমান, মোমিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।