পাবনার আটঘরিয়ায় আদম আলী মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আদম আলী মোল্লা আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়ার মরহুম নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, একদন্ত বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কদম আলী। এসময় পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই অবস্থান নেয়া দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। গুলির শব্দে আত্ম রক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহত আদম আলী মোল্লার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার দুটি মামলা এবং একটি বিস্ফোরক মামলা রয়েছে। তার লাশ উদ্ধারের কাজ চলমান রয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে।



