পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদাদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোনালী ব্যাংকের কালিয়াচাপড়া শাখায় হামলার ঘটনা ঘটেছে। এতে এখলাছ উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপক আবুল কাশেম পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দুপুর ১২ টার দিকে মৃত বীর মুক্তিযোদ্ধা আবু আলীর ভাতার টাকা নেয়ার জন্য তার স্ত্রী জোমেনা খাতুন ব্যাংকে আসেন। লোনের কিস্তি কেটে নেয়ায় তার হিসাব নম্বর খালি দেখাচ্ছিল। এতে ওই নারী উত্তেজিত হয়ে ব্যাংক স্টাফদের সাথে দুর্ব্যবহার করে চলে যান। কিছু সময় পর মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী জোমেনা খাতুন মুর্তুজ আলী, জিল্লর রহমান, জোবায়ের, আব্দুল্লাহ এবং আমিনুল ইসলাম সৌরভ সহ কয়েক যুবককে সাথে নিয়ে ব্যাংকে প্রবেশ করে স্টাফদের ওপর হামলা চালান। হামলায় এখলাছ নামে এক কর্মকর্তা আহত হন।
সোনালী ব্যাংকের কালিয়াচাপড়া শাখা ব্যবস্থাপক আবুল কাশেম জানান, ওই নারীর স্বামী পাকুন্দিয়া উপজেলা শাখা থেকে ৮ লাখ টাকা লোন নিয়েছিলেন এবং বেতন ভাতা ওই ব্যাংকেই হতো। তার বাড়ি আমাদের শাখার কাছে হওয়ায় এখান থেকে উত্তোলন করতেন।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, সোনালী ব্যাংকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



