গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে অদম্য জুলাই ২০২৬ নামে মিছিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর গণহত্যার বিচার এবং গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ মিছিল আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ফটকের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি গাজীপুরা, কলেজ গেট ও স্টেশন রোডসহ টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চেরাগ আলী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে কোনো ধরনের আপস করা যাবে না। গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে গণভোটে জনগণের দেয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অধিকার, ন্যায়বিচার, জবাবদিহি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।
মিছিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাকিল পারভেজ, শহীদ নাসির ইসলামসহ তামীরুল মিল্লাতের পাঁচ শহীদ ও দেশের সব শহীদের স্মরণে স্লোগান দেয়া হয়।
মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক এস এম ফরহাদ, টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলাম, সেক্রেটারি মর্তুজা হাসান ফুয়াদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



