বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে অলিউল্লাহ (১৭) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া স্লুইজগেট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত অলিউল্লাহ উপজেলার পচাকোড়ালিয়া স্লুইজগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে অলিউল্লাহ মাছ ধরার উদ্দেশে নৌকাযোগে পায়রা নদীতে বড়শি ফেলতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আপনার মাধ্যমে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।’



