ফরিদপুরের মেধাবী আলেম মুফতী মুঈনুল ইসলাম আর নেই

মুফতী মুঈনুল ইসলাম ফরিদী সমকালীন সময়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অত্যন্ত মেধাবী একজন আলেম হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষাজীবনে তিনি বাহিরদিয়া মাদ্রাসা থেকে ‘বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ’র একাধিক কেন্দ্রীয় পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করার বিরল সৌভাগ্য লাভ করেন।

বেলায়েত হুসাইন
পবিত্র মক্কায় অবস্থানকালে মুফতী মুঈনুল ইসলাম ফরিদী
পবিত্র মক্কায় অবস্থানকালে মুফতী মুঈনুল ইসলাম ফরিদী |সংগৃহীত

ফরিদপুরের মেধাবী আলেম ও প্রখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়ার (বাহিরদিয়া মাদরাসা) সাবেক কীর্তি শিক্ষার্থী মুফতী মুঈনুল ইসলাম ফরিদী (৪০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের শিবচরে অবস্থিত তার কর্মস্থল জামিয়া আশরাফুল মাদারেস বন্দরখোলায় (বন্দরখোলা মাদরাসা) অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

মরহুমের খালাত ভাই মোহাম্মদ হাসিবুল ইসলাম নয়া দিগন্তকে জানিয়েছেন, তিনি রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুফতী মুঈনুল ইসলাম ফরিদী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল মোতালেব। মুফতী মুঈন মাদারীপুরের বন্দরখোলা মাদরাসার নায়েবে মুহতামিম ও শাইখুল হাদীস ছিলেন। তার দুই ছেলে ও একটি ছোট্ট মেয়ে রয়েছে।

তার ভাই (সম্বন্ধী) হাফেজ মোহাম্মদ জায়েদ জানিয়েছেন, আজ শুক্রবার বাদ জুমা বাজিতপুরের গোরস্তান ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর সেখানেই তাকে দাফন করার কথা রয়েছে।

উল্লেখ্য, মুফতী মুঈনুল ইসলাম ফরিদী সমকালীন সময়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অত্যন্ত মেধাবী একজন আলেম হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষাজীবনে তিনি বাহিরদিয়া মাদরাসা থেকে ‘বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ’র একাধিক কেন্দ্রীয় পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করার বিরল সৌভাগ্য লাভ করেন। বন্দরখোলার আগে তিনি একই উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া মিনারা মাদরাসাতেও শিক্ষকতা করেন। এজন্য সংক্ষিপ্ত এই কর্মজীবনেও তিনি অসংখ্য শিক্ষার্থীর হাদীস ও ইসলামী শিক্ষার শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন।