বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী প্রধান সড়কের শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৃত জালাল আহমদের ছেলে বাহাদুর আলম (২৮) এবং একই উপজেলার আবুল বশরের ছেলে মোহাম্মদ নোমান (৩৫)। তারা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, পেকুয়াগামী একটি পিকআপের সাথে চট্টগ্রামগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাহাদুর আলম নিহত হন। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত মোহাম্মদ নোমানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, দুর্ঘটনায় নিহত বাহাদুর আলমের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া চমেক হাসপাতালে নেয়ার পথে নোমান নামে অপর এক যাত্রীর মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেলেও সংশ্লিষ্ট দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



