লক্ষ্মীপুর গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

ধারণা করা হচ্ছে, আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেন। যার কারণে তিনি আর উঠতে পারেননি। এতে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে যায়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে নিহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

মৃত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের ছেলে ও পপি তার মেয়ে সুমি আক্তারের মেয়ে।

স্থানীয়রা জানায়, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। পরে বৃদ্ধ পানিতে নেমে ডুব দেয়। কিন্তু দীর্ঘক্ষণ তিনি পানির নিচ থেকে উঠেননি। একপর্যায়ে নাতি পিয়াস ও নাতনি পপি তাকে পানিতে খুঁজতে গিয়ে তারাও ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর তাদেরকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেন। যার কারণে তিনি আর উঠতে পারেননি। এতে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে যায়।

শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’