নাগেশ্বরীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিয়াম ও মোফাসসিরা পরিবারের সাথে ঢলুয়াবাড়ী গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। বেলা ১১টার দিকে দুই শিশুসহ প্রতিবেশী আরেক শিশু ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন কচাকাটা থানার কেদার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) ও খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই-বোন।

পরিবার সূত্রে জানা গেছে, সিয়াম ও মোফাসসিরা পরিবারের সাথে ঢলুয়াবাড়ী গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। বেলা ১১টার দিকে দুই শিশুসহ প্রতিবেশী আরেক শিশু ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। এ সময় সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। প্রতিবেশী শিশুটি কাউকে কিছু না জানিয়ে ভয়ে বাড়িতে চলে যায়।

দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন সিয়ামের লাশ পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুর থেকে প্রথমে সিয়ামের লাশ উদ্ধার করেন। এরপর পুকুরে ডুবে থাকা মোফাসসিরার লাশ উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।