খাগড়াছড়িতে বিজিবির অভিযানে সাত বস্তা ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।
বিজিবি জানায়, রোববার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জানমারাটিলা ডাউন নামক স্থানে অভিযান পরিচালনা করে। খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহারিয়ার রাজীবের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো: জাকিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরকারবারীরা টহলদলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে টহল দলটি ওই এলাকায় তল্লাশি চালিয়ে শাড়ি ভর্তি সাতটি বস্তা জব্দ করে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বস্তাগুলোতে ১৬০ পিস ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহারিয়ার রাজীব জানান, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের বলিষ্ঠ নেতৃত্বে খাগড়াছড়ি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক সক্রিয়ভাবে কাজ করছে। এই ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



