চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে মো: মিজানুর রহমান (৬১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মরহুম সোলেমান মোল্লার ছেলে।
বিজিবি জানায়, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসানের নির্দেশনায় বিশেষ টহল জোরদার করা হয়।
অভিযানের একপর্যায়ে দুপুর পৌনে ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে করে মুন্সিপুর বিওপির দিকে আসার সময় মিজানুর রহমানকে থামায় বিজিবি সদস্যরা। স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময় তিনি কোমরে লুঙ্গির ভাজে স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইলফোন ও পাচারের কাজে ব্যবহৃত একটি ডায়াং (DY-50) মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৬ লাখ এক হাজার ২৩০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি বিধি অনুসারে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।



