জামালপুরের সরিষাবাড়ীতে পেরুয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজপাড় এলাকার গাছবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু রাফি ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী।
নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে কয়েকজন শিশু একত্রে বাড়ির পাশে যমুনার শাখা পেরুয়া নদীতে গোসল করতে যায়। এ সময় সবার অগোচরে রাফি নদীর পানিতে ডুবে যায়। সাথে থাকা অন্য শিশুরা রাফির পরিবারকে খবর দিলে সন্ধ্যার পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী জানান, জন্মের পর থেকেই শিশুটি নানার বাড়িতে থাকত। বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।



