বলেশ্বর নদীর মোহনায় মাছ শিকারের সময় বরগুনার পাথরঘাটার জেলেদের জালে একটি লাল-হলুদ রঙের ড্রোনসদৃশ বস্তু আটকা পড়েছে।
সোমবার (১ জুন) দুপুরে পাথরঘাটা থানার ডিউটি অফিসার মো: সোহান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে বলেশ্বর নদীর মোহনায় মাছ শিকারের সময় ড্রোনসদৃশ বস্তুটি পায় জেলেরা।
জেলে মিরাজ হোসেন জানান, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকার একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগর সংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলে তা তুলছিল। এ সময় জেলেরা বিমান আকৃতির একটি বস্তু জালে দেখতে পান। বস্তুটির সাথে পাখার মতো অংশ ছিল। জালে পেঁচিয়ে যাওয়ায় সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে নদীতে পড়ে যায়। পরে ড্রোনসদৃশ বস্তুটি উদ্ধার করে সোমবার সকালে পাথরঘাটায় নিয়ে আসা হয় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বস্তুটি লম্বাটে, উজ্জ্বল লাল ও পাখা হলুদ রঙের, দেখতে অনেকটা ছোট আকারের বিমানের মতো। অজানা ওই বস্তুকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। তবে বস্তুটি সমুদ্রের ঠিক কোন স্থানে উদ্ধার করা হয়েছে কিংবা এটি কোন দিক থেকে এসেছে সে বিষয়ে জেলেরা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
স্থানীয়রা ধারণা করছেন, এটি সমুদ্রের তলদেশে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত কোনো বিশেষ ড্রোন বা স্বয়ংক্রিয় যন্ত্র হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এটি কোনো বিদেশী সামরিক মহড়া বা গবেষণা কার্যক্রমের অংশও হতে পারে। যদিও এসব বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর (এসআই) মো: সোহান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থল থেকে বিমান আকৃতির রহস্যময় বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’



