ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় প্রায় ১৫২ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ নেয়ার দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার এলহামপাড়া ও ভাদুঘর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে ওই এলাকায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় নয়টি গ্যাস রেগুলেটর উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ১৫২ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



