পূর্ব সুন্দরবনের শেলারচরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে গ্রেফতার করেছেন বনরক্ষীরা। এ সময় শিকারীদের একটি ট্রলার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আটক শিকারীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭) এবং নুর আলম (১৮)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিমের বনরক্ষীরা সুন্দরবনে নিয়মিত টহলের সময় বুধবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ছাপড়াখালীর বনে শিকারীদের পেতে রাখা ফাঁদ দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার এবং চার শিকারীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলের অদূরে খাল থেকে শিকারীদের একটি ট্রলারও জব্দ করে বনরক্ষীরা।
অপরদিকে, সুন্দরবনে মাছ ধরার নিষিদ্ধ সময়ে সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার সাইডখালে বুধবার বিকেলে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলার ও জালসহ তিন জেলেকে হাতেনাতে আটক করেন বনরক্ষীরা। আটক জেলেরা হলেন হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামীম মৃধা (১৯)। তাদের বাড়ি বরগুনা জেলার ছোটপাথরঘাটা গ্রামে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো: শরীফুল ইসলাম বলেন, ‘শেলারচরের ছাপড়াখালী এলাকায় ফাঁদসহ আটক হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হয়েছে এবং মামলার আসামিদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।’



