নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্তদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শুভমিতা রায় বলেন, ‘আমরা আমাদের জীবনে চলার পথে যে গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলো সচরাচর পাই না আজকের অনুষ্ঠানে সেগুলো পেয়েছি। শিবির নিয়মিত এ ধরনের আয়োজন করলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার ক্ষেত্রে আরো বেশি উৎসাহ পাবে।’

Location :

Naogaon
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, বই এবং শিক্ষা উপকরণ সামগ্রী দেয়া হয়
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, বই এবং শিক্ষা উপকরণ সামগ্রী দেয়া হয় |নয়া দিগন্ত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৫ সেপ্টেম্ব) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। এ সময় শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, বই এবং শিক্ষা উপকরণ সামগ্রী দেয়া হয়।

ছাত্রশিবিরের নওগাঁ জেলা সভাপতি আজফারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, ‘শিবির যোগ্য মানুষ তৈরীর কারিগর। আজকের এ মেধাবী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এজন্য তাদেরকে সৎ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিবির শিক্ষার্থীদেরকে সৎ এবং যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য কাজ করছে।’

বিশেষ অতিথি হিসেবে গার্ডিয়ান পাবলিকেশন্সের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও শিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের বক্তব্যে শিবিরের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শুভমিতা রায় বলেন, ‘এ সংবর্ধনার মাধ্যমে আমাদের উৎসাহ আরো বেড়েছে। আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে আরো ভালো ফলাফল কীভাবে করতে পারি, সেই বিষয়ে উৎসাহ পেয়েছি। আমরা আমাদের জীবনে চলার পথে যে গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলো সচরাচর পেয়ে থাকি না আজকের অনুষ্ঠানে সেগুলো পেয়েছি। শিবির এ ধরনের আয়োজন নিয়মিত করলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার ক্ষেত্রে আরো বেশি উৎসাহ পাবে।’

রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মাহিদ বলেন, ‘অনেকেই শিবির সম্পর্কে অনেক কথা বলে, কিন্তু এ অনুষ্ঠানে আসার পর আমার ধারণা পাল্টে গেছে। শিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। আজকের এ অনুষ্ঠান থেকে তারা আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছে ভবিষ্যৎ জীবনে চলার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

নওগাঁ জেলা শিবির সভাপতি আজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়ার জন্য আমরা ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি। সেখানে ছয়শ’র বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। আমরা তাদেরকে সংবর্ধনায় ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়েছি। শিক্ষার্থীদের উন্নয়ন এবং ভবিষ্যৎ জীবন পরিকল্পনা নিয়ে শিবির সব সময় কাজ করে। তারই অংশ হিসেবে আজকের এ সংবর্ধনা আয়োজন করা হয়েছে।