আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই পদে সিলেট মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুলকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। বিকেলে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনব্যাপী সিলেট মহানগরীর থানা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত ‘শিক্ষা শিবির’-এ ড. নুরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়। পরে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়। একইসাথে জামায়াতের দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে নগরীর সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নামার দিকনির্দেশনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘নগরবাসীর নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও সিলেট সিটিকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কেন্দ্র থেকে ড. নুরুল ইসলাম বাবুলকে মনোনয়ন দেয়া হয়েছে। সততা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক হিসেবে প্রার্থীর বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
সমাবেশ থেকেই অতিসত্বর সিসিকের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সাংগঠনিক গণসংযোগ জোরদার করার প্রাথমিক নির্দেশনা দেয়া হয়।
সাম্প্রতিককালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেশকিছু নাম আলোচনায় ছিল। এর মধ্যে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ২০১৮ সালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির বিগত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ ও মহানগর শিবিরের সাবেক সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু।
মনোনীত মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল সিলেট মহানগর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় ২০০৬ সালের ২৮ অক্টোবর সিলেটের কোর্ট পয়েন্টে লগি-বৈঠার তান্ডবকারীদের হামলার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠেন।
জামায়াতের রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি সিলেটের ব্যবসা-বাণিজ্য ও সামাজিক অঙ্গনেতার সম্পৃক্ততা রয়েছে।
নুরুল ইসলাম বাবুল সিলেট শহরতলীর কামালবাজার এলাকার আদি বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে নগরে বসবাস করে আসছেন।



