কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সাইফুল মালিকের মৃত্যু হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামানসহ জেলা পুলিশের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মোহাম্মদ সাইফুল মালিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্ম নেয়া সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালে ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে তিনি যোগদান করেন।



