বরিশাল গৌরনদীর ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে সাকুরা বাসের চাপায় মো: বাবুল ঘরামী ওরফে বাবু ঘরামী নামে এক তরুণ নিহত ও দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ পালরদীর তাঁত বোর্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি হাইওয়ে থানায় মামলা করা হয়েছে।
নিহত বাবু ঘরামী পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মেনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসীন আহম্মেদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী তাঁত বোর্ডের সামনে সোমবার রাত ১০টার দিকে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলর আরোহী বাবুল ঘরামী ছিটকে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা দ্রুতগামী সাকুরা পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: মিজানুর রহমান জানান, আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটলে তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



