ফেনীতে ‘গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমে আসন্ন স্থানীয় নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব: প্রত্যাশা ও করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিকশিত নারী নেটওয়ার্ক চট্টগ্রাম বিভাগের আয়োজনে ও দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ফেনী শহরের এ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিকশিত নারী নেটওয়ার্ক চট্টগ্রাম বিভাগের আয়োজনে এবং দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি জাহানারা বেগম এবং সঞ্চালনা করেন পিএফজি পরশুরাম উপজেলা অ্যাম্বাসেডর জোহরা আক্তার রুমা।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সুজন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, জেএসডি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার চাচ্ছু, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, মহিলা জামায়াত নেত্রী শাহিনা আক্তার, সাংবাদিক আবু তাহের ভূঁইয়া, আতিয়ার সজল, সফিউল্লাহ রিপন, বিকশিত নারী নেটওয়ার্কের চাঁদপুর জেলা সভাপতি হাছিনা আক্তার, কক্সবাজার জেলা সভাপতি শাহানা আক্তার এবং কুমিল্লা জেলা সভাপতি হেলেনাজ তাহের।
এছাড়া স্বাগত বক্তব্য দেন দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাসির উদ্দিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিকশিত নারী নেটওয়ার্কের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সোমা মুৎসুদ্দি।
বক্তারা বলেন, ‘নারীদের আলাদা কোটায় আসতে হবে কেন? যোগ্যতা দিয়ে এগিয়ে এলে তাদের কেউ আটকাতে পারবে না। নিজের চেষ্টা ও যোগ্যতায় প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। বৈষম্যের দেয়াল আমাদের ভাঙতে হবে। নিজের অধিকার আদায়ে নারীদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। নিজেদের চেষ্টা, যোগ্য ও দক্ষতা এগিয়ে আসা সম্ভব। পাশাপাশি আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের সবাইকে সমানভাবে দেখলে কোনো বৈষম্য থাকবে না। আমাদের পুরুষদের যেমন মানসিকতা পরিবর্তন করতে হবে তেমনি নারীদেরও মানসিকতার পরিবর্তন করতে হবে।’
বক্তারা আরো বলেন, ‘নারীদের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। নারীরা শিক্ষা ক্ষেত্রে যেভাবে এগিয়ে ঠিক একইভাবে নিরাপত্তার জন্য অন্য সেক্টরে এগিয়ে আসতে পারে না। নারীদের নিরাপত্তা বাড়ালে তাদের এগিয়ে যেতে আরো সহজ হবে। আগামী দিনগুলোতে নারীদের এগিয়ে নিতে হলে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে। পরিবার ভিত্তিক নেতৃত্ব বাছাই না করে যারা যোগ্য তাদের নিয়ে আসতে হবে। কেউ বাবা, স্বামীর পরিচয়ে নেতৃত্বে আসবে সেটা হবে না। পরিবার থেকে বের হতে হবে। নিজেদের যোগ্যতায় এগিয়ে আসতে হবে। নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত যেমন রয়েছে, তেমনি সাধারণেও করতে পারবে। সুতরাং বাধা তো নেই। বরং যোগ্যতা দিয়ে এগিয়ে আসা প্রয়োজন।’



