প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের চকরিয়ায় আসছেন আগামী ১৩ জুন। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো কক্সবাজার জেলার বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকালে কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় সাতটি ইউনিয়ন নিয়ে নবগঠিত বহুল প্রতীক্ষিত মাতামুহুরি উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনসহ সরকারি দফতরগুলোর অবকাঠামো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ওইদিন সকালে ডুলাহাজারা সাফারি পার্কে দেশের প্রথম ২৫ কোটি বৃক্ষরোপণের শুভ উদ্বোধন, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ওইদিন বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে এক জনসভায় বক্তব্য রাখার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে প্রধানমন্ত্রীর সাথে আসবেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের একাধিক মন্ত্রী, এমপি ও বিএনপির কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ। জেলা প্রশাসন ও দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কক্সবাজারে প্রধানমন্ত্রী আসছেন এ খবর ছড়িয়ে পড়ার পর পুরো জেলাজুড়ে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য কক্সবাজার জেলাবাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারকে। এমনকি মাতামুহুরী উপজেলা পরিষদ কমপ্লেক্স, প্রশাসনিক ভবন, এসিল্যান্ড ভবন, থানা ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য সরকারি দফতরের জন্য নির্ধারিত জায়গাও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে চূড়ান্ত করে ফেলেছেন।
এদিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এরপর থেকে পেকুয়া পৌরসভার দাফতরিক কার্যক্রমও শুরু হয়ে গেছে।
কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী জানান, কক্সবাজারবাসীর গর্ব স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির সবটুকুই একে একে পূরণ করছেন। তিনি ক্ষমতা গ্রহণের পর তার ঐকান্তিক প্রচেষ্টায় অতি দ্রুত সময়ের মধ্যে মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভা আলোর মুখ দেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।
চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলী ও পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার জানান, মাতামুহুরী উপজেলার প্রশাসনিক মূল ভবনগুলো নির্মাণের উদ্যোগ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। সেই লক্ষ্যে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভৌগোলিক অবস্থার নিরিখে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের সুবিধা বিবেচনায় নিয়ে প্রশাসনিক ভবন নির্মাণের অতিগুরুত্বপূর্ণ স্থানগুলো মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করে গেছেন।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর পরই শীঘ্রই অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ দেখতে পাবেন এলাকার জনগণ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সর্বসাধারণের মাঝে ব্যাপক উচ্ছ্বাস–উদ্দীপনা দেখা দিয়েছে। দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে প্রধানমন্ত্রীকে বরণ করতে।
কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো: আ: মান্নান জানান, কক্সবাজারের দশম উপজেলা মাতামুহুরী ও জেলার পঞ্চম পৌরসভা পেকুয়াকে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রশাসনিক অবকাঠামো নির্মাণের কাজ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এজন্য সব ধরনের দাফতরিক প্রস্তুতি চূড়ান্ত করে ফেলা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দ্রুততম সময়ে কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে এসব উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নেয়া হবে।



