কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী
বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৫টি স্টল প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে। স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা এবং অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, ‘মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য এ ধরনের প্রদর্শনী অত্যন্ত কার্যকর। ভবিষ্যতে আরো বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে বিজ্ঞান ও উদ্ভাবন চর্চাকে এগিয়ে নেয়া হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা আইসিটি অফিসার মো: মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ আয়োজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।