কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও অটোরিকশা জব্দ করলেও চালক পালিয়ে গেছে, পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

দুর্ঘটনাকবলিত অটোরিকশা
দুর্ঘটনাকবলিত অটোরিকশা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি ও পাকুন্দিয়া সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার-সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক পাকুন্দিয়ার শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

জানা যায়, অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।