জীবননগর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির প্রতিহত

বিজিবির কড়া ও শক্ত অবস্থানের মুখে অনুপ্রবেশের চেষ্টাকারীরা বাংলাদেশ সীমানায় ঢুকতে না পেরে সীমান্তের শূন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
বিএসএফের পুশ-ইন চেষ্টা
বিএসএফের পুশ-ইন চেষ্টা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকর্তৃক (বিএসএফ) তিনজন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০৯ আগস্ট) ভোরে উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, রোববার আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের সময় সীমান্ত পিলার-৭০/২-এস এর কাছে অবস্থিত গেট দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরি ক্যাম্পের সদস্যরা তিনজন ব্যক্তিকে (একজন পুরুষ ও দুইজন নারী) জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। এ সময় মাধবখালী বিওপির বিজিবির একটি টহল দল বিষয়টি টের পেয়ে শূন্যলাইনে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

বিজিবির কড়া ও শক্ত অবস্থানের মুখে অনুপ্রবেশের চেষ্টাকারীরা বাংলাদেশ সীমানায় ঢুকতে না পেরে সীমান্তের শূন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়। পরবর্তীতে সকাল ৫টা ২০ মিনিটের দিকে বিজিবির দৃঢ় অবস্থানের সামনে টিকতে না পেরে তারা ভারতের তারকাটার দিকে ফিরে যায়। এরপর সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরি ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস পিলার সংলগ্ন গেট খুলে ওই তিনজনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে অবিলম্বে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং তৎপর রয়েছে।