তারেক রহমান কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন : হুইপ দুলু

‘আমাদের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা বলেছিল ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেবে, ১০ টাকা কেজি চাল দেবে কিন্তু দিতে পারেনি। তারেক রহমান বাংলাদেশে এসেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামী এক বছরের মধ্য প্রত্যেক মা-বোন ফ্যামিলি কার্ড পাবে। আগামী তিন বছরের মধ্যে প্রত্যেক কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে।’

তিনি বলেন, ‘কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সার, ওষুধ, বীজ, সুদমুক্ত ঋণ পাবে। কার্ডের মাধ্যমে একজন কৃষক সকল সুযোগ-সুবিধা ভোগ করবে।’

শনিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্রঋণের চেক ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হুইপ দুলু বলেন, ’৫০ বছর আগে জিয়াউর রহমান খাল খনন শুরু করেছিলেন। মাঝখানে খাল খনন বন্ধ ছিল। তারেক রহমান আবার খাল খনন শুরু করেছেন। যাতে ফসল ফলাতে কৃষকের পানির সমস্যা না হয়।’

তিনি আরো বলেন, ‘আমাদের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা বলেছিল ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেবে, ১০ টাকা কেজি চাল দেবে কিন্তু দিতে পারেনি। তারেক রহমান বাংলাদেশে এসেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যে কৃষক দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে।’

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো: আশিকুর রহমান (ভূমি), কৃষি অফিসার মো: সবুজ আলী, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরে আলম, উপজেলার সাবেক চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই ডালিম, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।