নরসিংদীর মাধবদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়, স্থানীয় আধিপত্য বিস্তারে সামাজিক ও পারিবারিক বিভিন্ন প্রেক্ষাপটে এসব সংঘর্ষের ঘটনা ঘটে থাকে বলে মন্তব্য করেছেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি শুক্রবার (৫ জুন) দুপুরের পর নরসিংদী সদর মাধবদীর থানার চরাঞ্চল চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণের সময় একথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘এখন চরাঞ্চলের এসব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আগের সে অবস্থা নাই। মানুষ সংঘাতের ট্র্যাডিশন থেকে বের হয়ে আসছে। আধুনিক প্রযুক্তির যুগে প্রশাসনসহ আমরা এখন সহজে এসব ঘটনার খবরাখবর পাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘অপরাধী যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। জনগণ যাতে ন্যায়বিচার পায় সে ব্যবস্থা নেয়া হবে। যাদের কাছেই অস্ত্র থাকবে তাদের বিরুদ্ধে দলমত বিবেচনা না করে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’



