নোয়াখালী অফিস
নোয়াখালীতে শিক্ষক সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদরাসা শিক্ষক। জেলার সোনাইমুড়ী উপজেলার ওয়াসেকপুর মোহাম্মদিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট হাফিজুর রহমান এ সংবাদ সম্মেলন করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি মাদরাসায় তিনি এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হাফিজুর রহমান শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সার্বিক পরিস্থিতি জোরদারে ছয়টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। তার দাবিগুলোর মধ্যে রয়েছে অভিজ্ঞতার শর্ত শিথিল করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন করার বিদ্যমান ১৮ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা। দ্রুত শূন্যপদ পূরণের লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনার মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সহকারী প্রধান ও প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণের ব্যবস্থা করা। দক্ষতা বাধ্যবাধকতা মূলক প্রশিক্ষণের জন্য প্রযুক্তি জ্ঞান, আধুনিক প্রশাসনিক দক্ষতা ও মানসম্মত ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা। একাডেমিক প্রশাসনিক, আর্থিক ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও জবাবদিহিতা বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
তার দাবির মধ্যে আরো রয়েছে, আইসিটি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইবতেদায়ী ক্বারী ও সহকারী মৌলভী পদের তীব্র সংকট নিরসনে বিশেষ নিয়োগের ব্যবস্থা করা এবং এনটিআরসিএর দীর্ঘসূত্রতা পরিহার করা। এনটিআরসিএর বাতিল হওয়া আবেদনগুলোর ফি ফেরত দেয়া, স্থগিত থাকা ফলাফল দ্রুত প্রকাশ এবং শিক্ষক ও প্রতিষ্ঠানের চলমান নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। সঙ্কট নিরসনে টেকসই পদক্ষেপের মাধ্যমে সার্বিক শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা।



