মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নতুন ভবনের দ্বিতীয় তলার কাজ করতে গিয়ে লোহার অ্যাঙ্গেল বৈদ্যুতিক তারে লেগে হৃদয় হোসেন (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে পৌরসভার নবকলস এলাকার বাইপাস রোড সংলগ্ন লিটন বকাউলের বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত হৃদয় ওই উপজেলার মেনাপুর গ্রামের মো: মানিক মিয়ার ছেলে। তিনি মতলব পৌরসভার নবকলস গ্রামের প্রধানীয়া বাড়িতে স্ত্রী মনিকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে হৃদয় নিচ থেকে বালি উঠানোর কাজ করছিলেন। এক পর্যায়ে লোহার অ্যাঙ্গেল ছাদে উঠাতে গেলে পাশে থাকা বিদ্যুতের লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে মতলব দক্ষিণ থানা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী সোহেল প্রধান ও বিল্লাল প্রধান জানায়, বিল্ডিংয়ের পাশে ৩৩ কেভি মূল লাইনটি রয়েছে। এছাড়াও উক্ত কাজের সময় কোনো সেফটি ব্যবহার করা হয়নি। এ পর্যন্ত চারজন ঠিকাদার বিদ্যুতের এ লাইনের সমস্যার কারণে কাজ করতে রাজি হয়নি। বাড়ির মালিক লিটন জোরপূর্বক তাদেরকে কাজে লাগিয়েছে। বিদ্যুৎ লাইনের খুঁটি থেকে এক ফুট দূরত্ব নেই। পৌরসভার ইঞ্জিনিয়ার কিভাবে এটার অনুমোদন দিয়েছে। এমন মৃত্যু কারো কাম্য নয়। আমরা এলাকাবাসী প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার আশা করছি।
মতলব পৌরসভার উপ-সহকারী প্রকৌশল ফেরদৌস আহম্মেদ জানান, ভবনটিতে পৌরসভার অনুমোদন নিয়েছে কিনা জানার জন্য লোক পাঠানো হয়েছে। পৌরসভার ভবনের অনুমোদনের সময় উভয়পাশে তিন থেকে পাঁচ ফুট ফাঁকা রেখে ভবন তৈরী করতে হয়।
নিহতের সাথে কাজ করে শ্রমিক পৌরসভার শিলমন্দি গ্রামের জুম্মন বলেন, ‘ঠিকাদার সাইফুলের আওতায় আমরা কাজে আসি। নিহত হৃদয় এক মাস পূর্বে বিয়ে করে। আমরা কাজ না করতে চাইলে ঠিকাদার জোর পূর্বক আমাদেরকে কাজে পাঠিয়েছে।’
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বাদীপক্ষ ময়নাতদন্ত করতে চাচ্ছে না বিধায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।’



