ছুটিতে দেশে ফেরা হলো না, ওমানে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত

পরিবারের সুখের আশায় দীর্ঘ ২০-২৫ বছর ধরে শহীদুল ইসলাম প্রবাসে কাজ করছেন। সেখানে এমব্রয়ডারির কাজ করতেন তিনি। আগামী বৃহস্পতিবার (১১ জুন) দেশে আসার কথা ছিল তার।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)
নিহত শহীদুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ
নিহত শহীদুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ |নয়া দিগন্ত

ছুটি নিয়ে দেশে আসার মাত্র পাঁচ দিন আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের যুবক শহীদুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (৪০)।

শনিবার (৬ জুন) রাতে ওমানের বেরুমিতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।

নিহত শহীদুল ইসলাম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মরহুম মোহাম্মদ মেস্ত্রীর ৪র্থ ছেলে। বর্তমানে তার লাশ বেরুমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সুখের আশায় দীর্ঘ ২০-২৫ বছর ধরে শহীদুল ইসলাম প্রবাসে কাজ করছেন। সেখানে এমব্রয়ডারির কাজ করতেন তিনি। আগামী বৃহস্পতিবার (১১ জুন) দেশে আসার কথা ছিল তার। মার্কেট থেকে ছেলে-মেয়ে, স্ত্রী ও আত্মীয়-স্বজনদের বিভিন্ন মালামাল নিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

দেশে আসবে এই নিয়ে কত খুশি ছিল শহীদুল ইসলামের পরিবার। বাড়িতে ছেলে-মেয়ে ও পরিবারের লোকজনও খুশি। ওমানে সড়ক দুর্ঘটনায় সেই খুশি এখন বিষাদে রূপ নিলো। অল্প বয়সে তার ছেলে-মেয়েরা এতিম হয়ে গেল।

মিরসরাই সমিতি ওমানের সাবেক সভাপতি মো: আবু নছর রিয়াদ বলেন, লাশ দেশে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।