ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় শিলা নদীতে দুই দিন ধরে ভেসে থাকা অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের ফটোয়ার টেক এলাকা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তির লাশটি শনিবার (১১ জুলাই) দিন থেকে শিলা নদীতে ভাসছিল। ফটোয়ার টেক এলাকার লোকজন শিলা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে আজ রোববার বিকেল ৩টার দিকে পাগলা থানার ওসি মো: আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে কে বা কারা অন্যত্র হত্যা করে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশটি শিলা নদীতে ফেলে রাখে।
পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় লাশটি ১০-১২ দিনের হবে। ইতোমধ্যে লাশের পচন ধরেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, শিলা নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তবে লাশের পচন ধরেছে।
তিনি আরো বলেন, অজ্ঞাত পরিচয় লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



