চুয়াডাঙ্গার ওপর দিয়ে আজও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে এ জেলার তাপমাত্রা কমতে থাকবে। এদিকে এই প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবনের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের সদস্যরা।
দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারকে সাথে নিয়ে তারা পথচারীদের মাঝে স্যালাইন পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করেছেন। এ সময় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের অন্য সদস্য উপস্থিত ছিলেন। এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে কষ্টে আছেন সব শ্রেণীর শ্রমজীবী মানুষ ও প্রাণীকুল।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। পরবর্তীতে দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ।
বুধবার (৩ জুন) এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ জুন থেকে এ জেলায় তাপমাত্রা কমতে পারে।



