ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান।
অভিযানে নদী দখল ও অবৈধ বালু ভরাটের অপরাধে আহমদ প্রাইভেট হাসপাতালের মালিক মোহাম্মদ ফরিদ মিয়াকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। একইসাথে আগামী ২০ দিনের মধ্যে বালু অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।
ইউএনও মো: রাকিবুল হাসান জানান, নদী দখল ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তিতাস নদীর পাড়ে অবৈধভাবে বালু ফেলে দখলের অভিযোগে ফরিদ মিয়াকে দুই লাখ টাকা জরিমানা ও আগামী ২০ দিনের মধ্যে বালু সড়ানো নির্দেশ দেয়া হয়েছে।



