রাজবাড়ীতে তাজিয়া মিছিলে যাওয়ার পথে হিটস্ট্রোকে মৃত্যু

শুক্রবার দুপুরে হাবিল মণ্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররম উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে অংশ নিতে গিয়ে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বাবু দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার মরহুম হামেদ শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, মহররম উপলক্ষে গত ১৮ জুন থেকে বাবু একটি কাসেদ দলের সাথে বিভিন্ন এলাকায় শোক মিছিল ও মাতমে অংশ নিচ্ছিলেন। শুক্রবার দুপুরে হাবিল মণ্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সাথে থাকা কাসেদ দলের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসকরা।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মো: শরিফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই বাবু শেখের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’